বিগত আওয়ামী লীগ সরকার দেশটাকে ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত করে পালিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শনিবার (২ মে) বেলা ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় প্রশাসনের আয়োজনে এদিন দরিদ্র শিক্ষার্থী, কৃষক, প্রতিবন্ধী ও বেকার নারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তারা দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গেছে।’
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘সেই তলাবিহীন ঝুড়ি নিয়েই বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। তবে আমরা দৃঢ়ভাবে বলছি, আমরা কোনো দুর্নীতিতে যাব না। আমাদের সরকারের আমলে কোনো টাকা পাচার হবে না।’
অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি। বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সব শিল্পকারখানা আমাদের সময়ে পুনরায় চালু করা হবে। খুব দ্রুতই অর্থনীতিতে স্বচ্ছতা ফিরবে বলে আমরা বিশ্বাস করি।’
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সখীপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ।
আলোচনা সভা শেষে মন্ত্রী উপস্থিত উপকারভোগীদের মাঝে সরকারি বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
আপনার মতামত লিখুন