গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অবৈধভাবে সিগারেট মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের মজুতকৃত সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করেন গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম ইয়াসিন আরাফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বানিয়ারচালা এলাকায় অবৈধ মজুতের গোপন খবরে এই অভিযান চালানো হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সেখান থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটগুলো বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ ও সিনিয়র এএসপি দেবজিত পালের নেতৃত্বে র্যাব ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুত ঠেকানো এবং বাজারে কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন