গাজীপুর মহানগরের গাছা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে একজনকে জরিমানা ও ১২০ মণ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ মে) দুপুরে মহানগরের উত্তর খাইলকৈর এলাকার মোক্তার বাড়ি রোডে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। এ সময় তাকে সহযোগিতা করেন গাজীপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবু সামা।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তর খাইলকৈর এলাকার কয়েকটি পুকুরে দূষিত ও দুর্গন্ধযুক্ত পানিতে সরকারিভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছিল। এসব মাছের খাবার হিসেবে মরা মুরগির অবশিষ্টাংশ ও নাড়িভুঁড়ি ব্যবহার করা হতো। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুর্গন্ধের কারণে আশপাশের শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
অভিযানকালে কয়েকটি পুকুর থেকে আনুমানিক ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এ ঘটনায় কবির হোসেন নামে এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছ ও অন্যান্য সামগ্রী পরে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই নিষিদ্ধ মাছ চাষের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। পচা দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ চাষ করায় একজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন