হবিগঞ্জের চুনারুঘাটে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জুবায়ের আহমদ (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে চুনারুঘাট পৌরসভার আমকান্দী এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার জুবায়ের আহমদ বাহুবল উপজেলার রামশ্রী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট পৌরসভার আমকান্দী এলাকার আবু হুরায়রা নুরানী মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও মেয়েটি মসজিদে আরবি পড়তে গিয়েছিল। নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকায় জুবায়ের পাঠদান করছিলেন। পড়া শেষ হলে সকাল আটটার দিকে তিনি কয়েকজন ছাত্রীকে মাদ্রাসা পরিষ্কারের কথা বলে ভেতরে ডাকেন। এরপর অন্য ছাত্রীদের কৌশলে বারান্দায় পাঠিয়ে দিয়ে ভুক্তভোগী ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন।
সেখানে জুবায়ের মেয়েটিকে জাপটে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মেয়েটির চিৎকার এবং বাইরে থাকা অন্য সহপাঠীদের ডাকাডাকিতে জুবায়ের দরজা খুলতে বাধ্য হন। পরে মেয়েটি দৌড়ে বাড়ি গিয়ে তার বাবাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন