নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহির ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ঢাকার মিরপুরের পশ্চিম কাজীপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।
মাহিরের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে ট্রেনযোগে বিএএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু ও সংলগ্ন এলাকায় ঘুরতে আসে। বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে দুপুর ১২টার দিকে তাদের কয়েকজন নাগরিয়াকান্দি সেতুর নিচে মেঘনা নদীতে গোসল করতে নামে।
সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে মাহিরসহ তিনজন নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। উপস্থিত অন্য বন্ধুরা দ্রুত দুজনকে উদ্ধার করতে পারলেও স্রোতের তোড়ে মাহির তলিয়ে যায়। সহপাঠীরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বেলা তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে নদী থেকে মাহিরের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘বিকেল চারটায় ডুবুরিরা নদী থেকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আপনার মতামত লিখুন