সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় মাদক ব্যবসা, ডাকাতি ও অনলাইন ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মে থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ামুক্ত করতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত রোববার (১০ মে) শহরের আব্দুজ জহুর সেতুর পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-ডাকাত দলের সর্দার ও ১৮টি মামলার আসামি মো. এনামুল হক সাগর (৩৫), শামিনুর ইসলাম শিমুল (২০) ও নিকতারা বেগম (৩২)।
গত সোমবার (১১ মে) পৌর শহরের হাছন নগর ময়নার পয়েন্টে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন-মো. আশরাফ উল্লাহ (৩৫), মো. জনি মিয়া (৩৮), নুরুজ্জামান খাঁন (৫২) ও সবুর মিয়া ওরফে সবুজ (৪৬)। এ ছাড়া সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শামছিয়া বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার শহরের আপ্তাব নগর ও নতুন হাছন নগর এলাকায় অনলাইন ক্যাসিনোবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট মোস্তাক হোসেনসহ (৪০) চারজনকে গ্রেপ্তার করা হয়। মোস্তাকের বিরুদ্ধে সরকারি ডিপ টিউবওয়েল বসানোর কথা বলে জাল কাগজপত্র ও সিল ব্যবহার করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে। তার মোবাইল ফোনে জুয়ার অ্যাপের মাধ্যমে বিপুল টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন-রিপণ ইসলাম বাপ্পা (২৭), মো. তানিম হোসেন (২৮) ও মো. মারুফ আহমেদ (২৯)।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম) বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানাকে অপরাধমুক্ত করতে এই বিশেষ অভিযান চলছে। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়া নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন