ভারতীয় সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৯১ বাংলাদেশি জেলে মুক্তি পেয়েছেন। ভারতীয় কোস্টগার্ড তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করার পর সোমবার (৮ জুন) দুপুরে বাগেরহাটের মোংলায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪টি মাছ ধরা ট্রলারসহ এসব জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি-এই চার দফায় ৯১ জন জেলেকে আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ ছিল। বন্দি এসব জেলেকে ফিরিয়ে আনতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ে এই মুক্তি সম্ভব হয়েছে।
গতকাল রোববার বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা রেখা থেকে ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে জেলেদের গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। জাহাজটির অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান ৪টি ট্রলারসহ জেলেদের বুঝে নেন। এরপর তাদের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আনা হয়।
মুক্ত হওয়া এই জেলেদের বাড়ি দেশের বিভিন্ন উপকূলীয় জেলায়। দীর্ঘদিন পর তাদের ফিরে পেয়ে স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন