ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ‘সোনালী টায়ার হাউজ’ নামে একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী ‘সহিদ ইঞ্জিনিয়ারিং’, ‘খান মেশিনারিজ’ ও ‘বিপ্লব মোটরস’–এ ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ টায়ার ও যানবাহনের যন্ত্রাংশ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নজরুল ইসলাম আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে নিশ্চিত করা যাবে।
আপনার মতামত লিখুন