সংবাদ

আর্কাইভ দেখুন

এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ঘাটতি

এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ঘাটতি

কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহকারী একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে গেছে।এতে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস কম সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।মঙ্গলবার এক জরুরি নোটিশে সংস্থাটি জানায়, এই ঘাটতির প্রভাব পড়েছে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ ঢাকার দক্ষিণাঞ্চলে। এসব এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে।তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় স্বল্পচাপ বিরাজ করছে।”সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিক নাও থাকতে পারে।এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, আর আবাসিক গ্রাহকরাও রান্নার কাজে বিঘ্নের শঙ্কা প্রকাশ করেছেন।


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ: নিরাপদ অভিবাসন অঙ্গীকার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ: নিরাপদ অভিবাসন অঙ্গীকার

বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করতে মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আয়োজিত এই সভায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং বিশেষ করে নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি রপ্তানির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়। স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূতও নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। ​আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইতালির সঙ্গে বাংলাদেশের সুগভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে বলে তিনি মত দেন। মন্ত্রী আরও যোগ করেন, ইতালিতে বসবাসরত বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নিয়মিত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক এই কারণেই বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং সরকার অদূর ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। ​ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বৈঠকে তার দেশের সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন, ইতালিও বাংলাদেশের সঙ্গে চলমান সম্পর্ককে কেবল বজায় রাখা নয়, বরং একে আরও বিস্তৃত করতে অত্যন্ত আগ্রহী। তিনি মন্ত্রীকে অবহিত করেন, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে অত্যন্ত কঠোর ও বদ্ধপরিকর। রাষ্ট্রদূত একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলেন, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। এই নীতি চালু হলে বৈধ পথে নিরাপদ অভিবাসন যেমন নিশ্চিত হবে, তেমনি অবৈধ অভিবাসীদের দ্রুত ও সহজতর প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা সম্ভব হবে। অভিবাসন ইস্যুটি বর্তমানে ইতালির অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ​দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনার সময় রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন, গত বছরের জুলাইয়ে বাংলাদেশে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল। এই ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভাটি ইতালিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের পক্ষ থেকে পাঠানো একটি অভিনন্দন পত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কৃতজ্ঞতার সাথে আমন্ত্রণ গ্রহণ করেন এবং চলতি বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। এই উচ্চপর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পররাষ্ট্রমন্ত্রীর ব্রাসেলস সফর: বাংলাদেশ-ইইউ 'সম্পর্কে নতুন মাত্রা'

পররাষ্ট্রমন্ত্রীর ব্রাসেলস সফর: বাংলাদেশ-ইইউ 'সম্পর্কে নতুন মাত্রা'

রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা খাতে সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি (পিসিএ) অনুস্বাক্ষরিত হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সোমবার (২০ এপ্রিল) ব্রাসেলস সফর করেন।সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ও ভাইস-প্রেসিডেন্ট কায়া কালাসের উপস্থিতিতে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (EEAS) সদরদপ্তরে এই চুক্তি সই হয়; যা বাংলাদেশ-ইইউ কূটনৈতিক সম্পর্কে 'নতুন মাত্রা যোগ করেছে' বলে মঙ্গলবার (একুশ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।খলিলুর রহমান এবং কায়া কালাস পিসিএ'র অনুস্বাক্ষরকে স্বাগত জানান ও তারা এ চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ভবিষ্যৎমুখী রূপরেখা হিসেবে উল্লেখ করেন।চুক্তিটি রাজনৈতিক, অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা খাতে বাংলাদেশ-ইইউ কূটনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।এ চুক্তি আঞ্চলিক ও বৈশ্বিক অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে বাংলাদেশ-ইইউ পারস্পরিক সহযোগিতা জোরদার করবে বলে তারা মতপ্রকাশ করেন।পরবর্তীতে, দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ও ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।পররাষ্ট্রমন্ত্রী ইইউ-এর উচ্চ প্রতিনিধি বা ভাইস-প্রেসিডেন্টকে বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রগতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের চলমান সংস্কার, পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।তিনি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে ইইউ-এর একটি শক্তিশালী নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য কালাসকে ধন্যবাদ জানান।কায়া কালাস একটি সফল ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা, অভিবাসন, ও রোহিঙ্গা সমস্যাসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বাজার প্রবেশাধিকারসহ বাংলাদেশের অন্যান্য অগ্রাধিকারগুলো তুলে ধরেন এবং ইইউ-এর সঙ্গে আরও শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি দ্রুততম সময়ে বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) নিয়ে আলোচনা শুরু করার আগ্রহও ব্যক্ত করেন।পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা মানবিক কার্যক্রমে ইইউ-এর সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং এ দীর্ঘস্থায়ী সমস্যার টেকসই সমাধানের জন্য ইইউ-এর অব্যাহত সম্পৃক্ততা কামনা করেন।বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপরবর্তীতে, পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র, ইউরোপীয় বিষয়ক ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ম্যাক্সিম প্রেভোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।এ সময়ে উভয়মন্ত্রী বাংলাদেশ-বেলজিয়ামের কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, উদ্ভাবন এবং বহুপাক্ষিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো সুসংহত করার বিষয়ে আশা প্রকাশ করেন। উভয় পক্ষ এ বছরের শেষে ব্রাসেলসে তৃতীয় বাংলাদেশ- বেলজিয়াম দ্বিপাক্ষিক কন্সাল্টেশনস আয়োজনের বিষয়ে সম্মত হন।পররাষ্ট্রমন্ত্রী  লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, পানি ব্যবস্থাপনাসহ যেসকল ক্ষেত্রে বেলজিয়ামের দক্ষতা রয়েছে সেসকল ক্ষেত্রে বাংলাদেশের সাথে বেলজিয়ামের আরও সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।উভয়পক্ষ অভিবাসন, ভিসা ও কনস্যুলার বিষয় এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা উত্তোরত্তর বৃদ্ধির জন্য নিবিড়ভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করে।হরাইজন ইউরোপএছাড়াও, একইদিনে পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কমিশনের স্টার্টআপ, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক কমিশনার একাতেরিনা জাহারিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেন এবং গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্ট-আপ ক্ষেত্রে বাংলাদেশ-ইইউ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।আলোচনায় হরাইজন (Horizon) ইউরোপ কর্মসূচির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, ও টেকসই উন্নয়নসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ জানান।এক দিনের এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, সুইজারল্যান্ডের জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এবং বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইইউ মিশনের প্রধান খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।


সহপাঠীকে ধর্ষণের বিচার ও আসামির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শিশুরা

সহপাঠীকে ধর্ষণের বিচার ও আসামির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শিশুরা

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্ত রিফাত মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরিশাল এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, মামলা হওয়ার অনেক দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করতে পারেনি। তারা রিফাতকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামের ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে দুধ নিয়ে ফিরছিল। পথে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত তার মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত পলাতক।


ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: গ্রেফতার ৫

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: গ্রেফতার ৫

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী কায়দায় কুপিয়ে জখম করার সেই চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবারের সেই নৃশংস হামলার রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা ও প্রধান অভিযুক্তসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।​র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই হামলাকারীদের পাকড়াও করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে হামলার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র ও পালানোর কাজে ব্যবহৃত গা‌ড়ি‌টিও উদ্ধার করা হয়েছে।


কবরস্থান থেকে উদ্ধার হওয়া সেই বিষ্ণুমূর্তি জাদুঘরে হস্তান্তর

কবরস্থান থেকে উদ্ধার হওয়া সেই বিষ্ণুমূর্তি জাদুঘরে হস্তান্তর

নওগাঁর পোরশায় উদ্ধার করা একটি প্রাচীন বিষ্ণুমূর্তি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পোরশা থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে মূর্তিটি হস্তান্তর করা হয়।থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। ১ মার্চ মূর্তিটি হস্তান্তরের জন্য আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিষ্ণুমূর্তিটি রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালকের কাছে হস্তান্তরের আদেশ দেন।আদালতের নির্দেশনা অনুযায়ী, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজী এম মোস্তাফিজুর রহমানের কাছে মূর্তিটি হস্তান্তর করেন।


বিশ্ববাজারে কমেছে দাম, বাংলাদেশে পাম্পে ভিড় কমবে?

বিশ্ববাজারে কমেছে দাম, বাংলাদেশে পাম্পে ভিড় কমবে?

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনায় তেলের দাম নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।মঙ্গলবার (২১ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় এবং হলমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।রয়টার্সের তথ্যমতে, গত মার্চ মাসে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছিল। মার্চের শেষ দিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়ে যায়। তবে এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে দাম কমতে শুরু করে। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারের ঘরে অবস্থান করছে। অর্থাৎ গত এক মাসে দাম কমেছে প্রায় ১৫ শতাংশের বেশি।তেলের জন্য পাম্পে দীর্ঘলাইনরয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কারণে হলমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হতে পারে বলে বাজারে আশা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, হলমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। এতে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে বিনিয়োগকারীরা আশা করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের ২০ বিলিয়ন ডলার জব্দ করা অর্থ ছাড় করতে পারে-এমন খবরও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদে তেলের দাম কমলেও ভবিষ্যৎ পরিস্থিতি এখনও অনিশ্চিত। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি বাড়লেও বৈশ্বিক তেলের মজুত ৯০০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত কমে যেতে পারে।তিনটি প্রধান জ্বালানি সংস্থা (ওপেক, ইআইএ ও আইইএ) ভবিষ্যৎ চাহিদা নিয়ে ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে। ওপেক আশাবাদী হলেও আইইএ মনে করছে, ২০২৬ সালে বৈশ্বিক তেলের চাহিদা কমতে পারে।জ্বালানি তেল আমদানিকারক দেশ বাংলাদেশের জন্য বিশ্ববাজারে দাম কমানো ইতিবাচক সংকেত। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করেছিলেন বাণিজ্যমন্ত্রী। তবে দাম কমতে শুরু করায় আমদানি ব্যয় কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।তবে হলমুজ প্রণালী পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল না-ও থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত এখন ১৯৮৪ সালের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, যা ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা তৈরি করেছে। সূত্র: রয়টার্স


নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ জুট মিলগুলো চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ জুট মিলগুলো চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব বন্ধ জুট মিল পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, সরকারি বা বেসরকারি—যেকোনো ব্যবস্থাপনায় এসব জুট মিল সচল করা হবে।মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।শরীফুল আলম বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ কাজ হারিয়েছেন। বর্তমান সরকার জনগণের সরকার, তাই তাদের কল্যাণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদার এবং কো-অপারেটিভ জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান মুহাম্মদ হুমায়ূন খালিদ। এ ছাড়া স্থানীয় পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


ধামরাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা কারাগারে

ধামরাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা কারাগারে

ধর্ষণচেষ্টা, চুরি ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকার একটি আদালত এই আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, শরীফুল ইসলামের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, ধর্ষণচেষ্টা ও চুরিসহ গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নং ১০৮/২০২৫) তাকে গ্রেপ্তার করা হয়। শুনানি শেষে আদালত আগামী ২২ জুন পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এক নারীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে মারধর করেন শরীফুল ইসলাম। এ সময় চুরির ঘটনাও ঘটে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে এ ধরনের আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।এ ছাড়া শরীফুল ইসলামের বিরুদ্ধে সরকারি জমি দখল এবং এনজিওর আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে গত নভেম্বর মাসে ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জলাশয় বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে, শরীফুল ইসলামের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ও মামলার বিষয়ে তদন্ত চলছে।


বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালনে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালনে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাতবার্ষিকী তার জন্মভূমি ফরিদপুরের মধুখালীতে অত্যন্ত সাদামাটা ও দায়সারাভাবে পালিত হয়েছে। প্রতিবছর যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হলেও এবার প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধার পরিবার।গত ২০ এপ্রিল ছিল এই অকুতোভয় যোদ্ধার প্রয়াণ দিবস। সচরাচর এদিন সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হলেও এবার চিত্র ছিল ভিন্ন। উপজেলা প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও পাঠাগার’-এর কর্মচারীরা নিজেরাই সকাল নয়টায় পতাকা উত্তোলন করেন।জাদুঘরের সহকারী লাইব্রেরিয়ান সাইদুর রহমান বলেন, ‘আমরা সকাল থেকে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেছি। কেউ না আসায় সাধারণ নিয়মেই আমরা জাদুঘর খুলেছি এবং পতাকা উড়িয়েছি।’দিবসটি পালনে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝেও ছিল চরম অনীহা। কামারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান নিজের দায় স্বীকার করে বলেন, ‘আসলে দিবসটির কথা আমার একদম স্মরণে ছিল না। দুপুরে ফরিদপুরে থাকাকালে একজন কর্মসূচির কথা জানতে চাইলে আমার ভুল ভাঙে। এরপর দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে মিলাদের ব্যবস্থা করি।’বিকেল সাড়ে পাঁচটার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তড়িঘড়ি করে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মধুখালী ইউএনও রওশনা জাহান উপস্থিত থাকলেও পুরো আয়োজনে বিশৃঙ্খলা দেখা দেয়।ইউএনও বলেন, এর আগে দিবসটি কীভাবে পালিত হতো, সে বিষয়ে তাকে কেউ অবহিত করেনি। তবে ভবিষ্যতে সব জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠের বড় বোন জোহরা বেগম ঢাকা থেকে এসে যোগ দিলেও প্রশাসনের এমন অগোছালো ও অবহেলাপূর্ণ ভূমিকায় তিনি কোনো মন্তব্য করেননি।স্থানীয় সচেতন মহলের মতে, মুক্তিযুদ্ধের চেতনা ও বীরশ্রেষ্ঠদের সম্মান রক্ষায় রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আরও পরিকল্পিত ও স্বতঃস্ফূর্ত হওয়া উচিত।১৯৪৩ সালের ৮ মে মধুখালীর সালামতপুরে জন্মগ্রহণ করেন মুন্সি আব্দুর রউফ। ১৯৬৩ সালে তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলে (ইপিআর) যোগ দেন। ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটির মহালছড়িতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখসমরে শহীদ হন এই বীর যোদ্ধা। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।


অস্ত্রসহ সুন্দরবনের ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য গ্রেপ্তার

অস্ত্রসহ সুন্দরবনের ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য গ্রেপ্তার

সুন্দরবনে অভিযান চালিয়ে ‘ছোট সুমন’ দস্যু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় প্রধান আবদুস সামাদ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আবদুস সামাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়।কোস্টগার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর তৃতীয় ধাপে সোমবার রাত ১০টার দিকে রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুস সামাদকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর হয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন।পরে সামাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে মোংলা থানার সুন্দরবন-সংলগ্ন নন্দবালা খাল এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও দুটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশে গম পাচার: ফের ইডির জালে নায়িকা নুসরাত

বাংলাদেশে গম পাচার: ফের ইডির জালে নায়িকা নুসরাত

আবারও রেশন দুর্নীতি মামলায় ভারতের টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের যে অভিযোগ উঠেছিল, সেই সূত্র ধরেই এই তলব বলে জানা গেছে।পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে আগামী ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে। তবে কলকাতা না দিল্লি- কোন দপ্তরে তাকে হাজিরা দিতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ আলোচনায় আসে, তখন নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন।নায়িকা নুসরাত জাহানওই সময়ে বাংলাদেশে গম পাচারের সঙ্গে জড়িত কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না- সেটা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইডির একাধিক কর্মকর্তা।বলা হচ্ছে, কলকাতায় নয়, বরং দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন নুসরাত জাহান।খবর অনুযায়ী, ইডির পক্ষ থেকে প্রথমে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিনেত্রী নিজেই বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরার আরজি জানিয়েছেন। বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত করে জানাতে পারেনি কেউ।এদিকে, যশ-নুসরাত দিন কয়েক ধরেই বিদেশে ছুটি কাটাচ্ছেন। মাঝেমধ্যেই তাদের ভ্রমণবিলাসের ঝলক দেখা যাচ্ছে নেটভুবনে। এমন সময় ইডির সমন পেলেন নায়িকা।নায়িকা নুসরাত জাহানপ্রসঙ্গত, অতীতেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল ইডি। সে সময়ও তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছিলেন।কয়েক বছর আগে বাংলাদেশে অবৈধভাবে গম পাচারের একটি বড় চক্রের সন্ধান পেয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো। ওই পাচারচক্রের সঙ্গে ভারতের কিছু রাজনৈতিক ও বাণিজ্যিক মহল জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। এখন সেই অভিযোগের সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।নুসরাত জাহান বসিরহাটের এমপি থাকাকালীন তার কোনো লেনদেন ছিল কি না, সেটাই এখন খতিয়ে দেখছে ইডি।নতুন করে ইডির তলবের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নুসরাত জাহান। তার পক্ষ থেকে কেউ গণমাধ্যমের কাছে কিছু বলেননি। বেশ কয়েক দিন ধরেই তিনি স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে বিদেশে অবস্থান করছেন।  ইডির তলব পাওয়ার পর তিনি দেশে ফিরছেন কি না, সেটাও জানা যায়নি।পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল। তার মাত্র একদিন আগে ২২ এপ্রিল নুসরাতকে তলব করা হয়েছে। নির্বাচনী পরিবেশে এই তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করছেন কেউ কেউ।নায়িকা নুসরাত জাহান ও স্বামী অভিনেতা যশতবে ইডি সূত্র বলছে, এটি সম্পূর্ণ তদন্তপ্রক্রিয়ার অংশ। বাংলাদেশে গম পাচারের ঘটনা যে শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রভাব ছিল-সেটা খতিয়ে দেখতেই এগোচ্ছে তদন্ত।আগামী ২২ এপ্রিল নুসরাত জাহান ইডির দপ্তরে হাজিরা দেবেন কি না, সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। তিনি হাজিরা দিলে কী তথ্য দেন এবং তাতে তদন্তের গতি কতটা বদলায়- সেটাই এখন দেখার বিষয়।এদিকে, বাংলাদেশের গম পাচার ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। এই পাচারচক্রের মূল হোতা কে বা কারা, তা উদঘাটনে ইডির এই তলব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: সংবাদ প্রতিদিন।


এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে 'এমটি নিনেমিয়া'

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে 'এমটি নিনেমিয়া'

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও ভূ-রাজনৈতিক সংকটের মাঝেই আশার আলো দেখছে বাংলাদেশের জ্বালানি খাত। সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে বাংলাদেশের পথে রওনা হয়েছে বিশাল আকৃতির ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৬টায় জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করেছে। রাষ্ট্রীয় একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, "মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। তবে জাহাজটি ঠিক কবে নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে, সে বিষয়ে এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।"সম্প্রতি ক্রুড অয়েলের তীব্র সংকটে পড়ে ইস্টার্ন রিফাইনারির মূল প্ল্যান্টটি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এক ধরণের ধোঁয়াশা তৈরি হয়। নতুন এই জাহাজটি আসার খবরে সেই সংকট কেটে যাবে এবং দেশের একমাত্র শোধনাগারটি আবার পূর্ণ দমে উৎপাদনে ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে থাকা অন্য একটি জাহাজে থাকা আরও এক লাখ টন ক্রুড অয়েল কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ অর্থাৎ প্রায় ৯২ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে চাহিদা মেটায়। গত অর্থবছরে দেশে সর্বাধিক জ্বালানি তেল ব্যবহৃত হয়েছে পরিবহন খাতে, যার পরিমাণ মোট বিক্রির ৬৩ শতাংশেরও বেশি।এছাড়া কৃষি, শিল্প ও বিদ্যুৎ খাতেও বড় অঙ্কের জ্বালানি ব্যবহৃত হয়। বিশেষ করে ডিজেলের চাহিদা সবচাইতে বেশি হওয়ায় এই আমদানি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন 'হরমুজ প্রণালি' নিয়ে সাম্প্রতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। ইরান ও ইসরায়েল-আমেরিকা সংঘাতের জেরে এই পথে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিপাকে পড়েছিল বিএসসি ও বিপিসি। বিশেষ করে আমেরিকান চার্টারার প্রতিষ্ঠানের মাধ্যমে তেল পরিবহনে জটিলতা তৈরি হওয়ায় গত মার্চ মাস থেকে দুটি বড় চালান আটকে যায়। এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় সৌদি আরব থেকে এই তেল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নিনেমিয়া’ লোহিত সাগর ও ভারত মহাসাগর হয়ে সরাসরি বাংলাদেশে এসে পৌঁছাবে, যা দেশের জ্বালানি মজুতকে আরও শক্তিশালী করবে।


পশ্চিমবঙ্গে নির্বাচন : বুড়িমারী স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পশ্চিমবঙ্গে নির্বাচন : বুড়িমারী স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচনের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের জন্য সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ থাকবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার নির্বাচনের কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, এই সময়ে সীমান্ত এলাকায় কড়াকড়ি ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।এর প্রভাবে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকছে। আগামী ২৫ এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।কোচবিহার জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সিলগালা করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা বজায় রাখতে চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। নির্বাচনের আগের দিন, ভোটের দিন, পরের দিন এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, ভারতের নির্বাচনের কারণে বাংলাদেশিদের জন্য বিজনেস ও স্টুডেন্ট ভিসা নিয়ে যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসার জন্য ভিসাধারী যাত্রী এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকেরা যাতায়াত করতে পারবেন। এ ছাড়া নেপাল ও ভুটানের নাগরিকদের যাতায়াত স্বাভাবিক থাকবে।বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের উপকমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধের বিষয়টি জানানো হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনার চিঠিটিও তারা জমা দিয়েছেন।


টি-সিরিজে ইমরানের গান ‘তওবা ইশক তেরা’

টি-সিরিজে ইমরানের গান ‘তওবা ইশক তেরা’

বাংলাদেশের সংগীতশিল্পী ইমরান মাহমুদুল শুরু করলেন ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো ভারতের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করলেন তিনি। এই ব্যানার থেকেই প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘তওবা ইশক তেরা’।শিল্পী নিজেই জানিয়েছেন, ২০ এপ্রিল টি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়। দীর্ঘদিন ধরে দেশের সংগীতাঙ্গনে সফলতার সঙ্গে কাজ করে আসা ইমরান মাহমুদুল একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন তিনি।‘তওবা ইশক তেরা’ গানটির কথায় রোমান্টিক আবহ তৈরি করেছেন বারিশ এবং সংগীতায়োজন করেছেন রূপক তিয়ারি।সংশ্লিষ্টদের মতে, আধুনিক সুর, নতুন ধাঁচের উপস্থাপনা এবং আন্তর্জাতিক মানের প্রযোজনার কারণে গানটি শ্রোতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।উল্লেখ্য, গত বছরই টি-সিরিজের সঙ্গে ইমরান মাহমুদুলের আনুষ্ঠানিক চুক্তির খবর প্রকাশ্যে আসে। তখন থেকেই ভক্তদের মধ্যে তার নতুন কাজ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পাচ্ছে ‘তওবা ইশক তেরা’। জানা গেছে, এই ব্যানারে ইমরান মাহমুদুলের আরও কয়েকটি গান পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। ফলে দুই বাংলার সংগীতপ্রেমীদের জন্য সামনে আসছে নতুন নতুন চমক। সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে এই যাত্রা ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ারকে আরও বিস্তৃত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পরীক্ষার হলে এমপির ‘ফেসবুক লাইভ’

মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে পরীক্ষার হলে এমপির ‘ফেসবুক লাইভ’

শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে কক্ষের ভেতর থেকে ‘ফেসবুক লাইভ’ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুমিল্লার হোমনা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ নামের ফেসবুক পেজ থেকে করা ওই লাইভে দেখা যায়, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া বিদ্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। এরপর তিনি একটি কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। সেখান থেকে বেরিয়ে তিনি অন্য একটি কক্ষে প্রবেশ করেন এবং সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর কাছে গিয়ে জানতে চান, ‘পরীক্ষা সহজ হয়েছে কি না?’লাইভে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তাজুল ইসলাম সংসদ সদস্যের কাছে এসে পরিচয় দিতে চাইলে তাকে নিজের কাজে ফিরে যাওয়ার জন্য হাতের ইশারায় সরিয়ে দেন সংসদ সদস্য। এভাবে প্রায় ৮ মিনিট ৫৭ সেকেন্ড ধরে লাইভে যুক্ত থেকে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি।এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার সচেতন মহল। সচেতন নাগরিক কমিটির (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি মো. শাহ আলমগীর খান সংবাদকে বলেন, ‘জনপ্রতিনিধি পরীক্ষার হলে প্রবেশ করলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ে। সে কারণেই হয়তো মন্ত্রী মহোদয় নিষেধাজ্ঞা দিয়েছেন। একজন সংসদ সদস্য হয়ে মন্ত্রীর নির্দেশ অমান্য করা অপ্রত্যাশিত। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।’জানতে চাইলে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তাজুল ইসলাম বলেন, ‘এমপি স্যার এসেছেন শুনে আমি দেখা করতে যাই। পরে প্রশ্নপত্রের কাজ থাকায় আমি চলে আসি। ফেসবুক লাইভের বিষয়টি আমার জানা নেই।’সংসদ সদস্যের সঙ্গে থাকা ব্যক্তিরা ভিডিও করছিলেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তিনি খেয়াল করেননি।এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, ‘মন্ত্রী মহোদয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোনো জনপ্রতিনিধি কাউকে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন না। সেখানে ফেসবুক লাইভ তো গুরুতর বিধিভঙ্গ। সংসদ সদস্য যদি এটি করে থাকেন, তবে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব।’


এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ঘাটতি

এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে বড় ঘাটতি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ: নিরাপদ অভিবাসন অঙ্গীকার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ: নিরাপদ অভিবাসন অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রীর ব্রাসেলস সফর: বাংলাদেশ-ইইউ 'সম্পর্কে নতুন মাত্রা'

পররাষ্ট্রমন্ত্রীর ব্রাসেলস সফর: বাংলাদেশ-ইইউ 'সম্পর্কে নতুন মাত্রা'

সহপাঠীকে ধর্ষণের বিচার ও আসামির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শিশুরা

সহপাঠীকে ধর্ষণের বিচার ও আসামির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শিশুরা

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: গ্রেফতার ৫

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম: গ্রেফতার ৫

কবরস্থান থেকে উদ্ধার হওয়া সেই বিষ্ণুমূর্তি জাদুঘরে হস্তান্তর

কবরস্থান থেকে উদ্ধার হওয়া সেই বিষ্ণুমূর্তি জাদুঘরে হস্তান্তর

বিশ্ববাজারে কমেছে দাম, বাংলাদেশে পাম্পে ভিড় কমবে?

বিশ্ববাজারে কমেছে দাম, বাংলাদেশে পাম্পে ভিড় কমবে?

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ জুট মিলগুলো চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ জুট মিলগুলো চালু করা হবে : পাট প্রতিমন্ত্রী

ধামরাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা কারাগারে

ধামরাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক নেতা কারাগারে

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালনে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালনে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ