বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে প্রচণ্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, মোংলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ সকালেও নতুন করে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মোট ৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন