বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার দেউলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার কুড়াহার আয়নাপাড়া গ্রামের সাজু, মিনাজুল ও রব্বানী এবং বগুড়া সদর উপজেলার ধলমন বামনপাড়ার বাসিন্দা আনছার।
পুলিশ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে চুরির উদ্দেশ্যে একদল ব্যক্তি দেউলী এলাকায় সমবেত হয়েছেন-এমন গোপন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল রাত তিনটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান সংবাদকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা একটি চোর চক্রের সক্রিয় সদস্য এবং ওই এলাকায় চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। এ ঘটনায় থানায় মামলা করার পর আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মোকামতলা ও আশপাশের এলাকায় চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন