সমাজকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান (রশিটান) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা আগস্ট) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের খোটমোড়া উত্তরপাড়া মৌলভীবাড়ি যুব সংঘের উদ্যোগে স্থানীয় মৌলভীবাড়ি মোড় সংলগ্ন মাঠে এই খেলার আয়োজন করা হয়।
গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে ভিড় জমান হাজারো উৎসুক দর্শক। ফাইনালে খোটমোড়া দল ও খোটমোড়া কোনাপাড়া দল একে অপরের মুখোমুখি হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে খোটমোড়া দল ২-০ ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি বড় খাসি এবং রানার্সআপ দলকে একটি ছোট খাসি উপহার দেওয়া হয়।
মনোহরদী ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ্ মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আর টি মামুন আহমেদ। খেলার উদ্বোধন করেন গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মোল্লা, প্রাইম ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার তানভীর আহমেদ মানিক, যুবদল নেতা কাওসার আহমেদ ফোরকান, গোতাশিয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আবুল কালাম ও সভাপতি প্রার্থী মাসুম প্রধান। এ সময় সাংবাদিক মো. মোবারক হোসেন ও নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিয়মিত এ ধরনের খেলার আয়োজন করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন