ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল খান শ্রীনাথপুর গ্রামের মজিবর খানের ছেলে। ভোরে তিনি শ্রীনাথপুর বিওপির (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে ভারতের মাহেন্দ্রা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছুড়লে তিনি বিদ্ধ হন। তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে খবর পাওয়ার পর তারা জীবননগর হাসপাতালেও খোঁজ নিয়েছেন। আহত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে সরাসরি ঢাকায় রেফার করেছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন