মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ তিন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদাবাজির অভিযোগ এনে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা সদর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে তোলা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটতে এবং নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্র চালাচ্ছে। অবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এর আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় ইটভাটা ও মাটি ব্যবসায়ীরা অভিযোগ করেন, উল্লিখিত বিএনপি নেতারা তাঁদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছেন এবং চাঁদা না দিলে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করছেন। ওই মানববন্ধনের প্রতিবাদেই বিকেলে পাল্টা এই কর্মসূচি পালন করে বিএনপি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন