আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও চাই, তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাঁটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।’
শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সম্পর্কে বলার একটাই কথা—আমরা অস্বীকার করতে পারি না যে তিনি বাংলাদেশকে খুন করেননি, তিনি খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। সেসব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই তিনি আসবেন।’
শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যারা বলছেন তিনি ভিডিও কনফারেন্স করবেন, কিন্তু তিনি ভিডিও কনফারেন্সে আসেননি। একটি অডিও রেকর্ড করা কনফারেন্স পাঠিয়েছেন। অনেকেই বলছেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড। তিনি ফিরে আসুক বা কনফারেন্সেই আসুক, আমার কাছে তিনি ফেরারি আসামি। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। প্রায় সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা ও জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি।’
শেখ হাসিনার সমর্থকদের উদ্দেশে প্রশ্ন রেখে আসাদুজ্জামান বলেন, ‘এতগুলো অপরাধের পরও তিনি কি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারের জন্যও কি তার মনে হয়েছে যে আমরা অপরাধ করেছি?’
বিচার বিভাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি এমন একটি বিচার বিভাগ চাই, যেখানে অসহায় মানুষ সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। বিচার বিভাগের বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের মনে রাখতে হবে, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই এই পেশায় এসেছেন।’
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন