নরসিংদীর পলাশ উপজেলায় জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে জমি রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। নিজেকে ‘সিভিল কোর্ট কমিশনার’ পরিচয় দেওয়া ওই যুবককে বুধবার (১২ আগস্ট) পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বর থেকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার রিফাত মোল্লা শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় নিজেকে নিবন্ধিত সিভিল কোর্ট কমিশনার পরিচয় দিয়ে জমি পরিমাপ ও দলিল লেখাসহ ভূমি সংক্রান্ত নানা কাজ করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করতে আসেন রিফাত। এ সময় তার দাখিল করা খাজনার দাখিলা (রশিদ) দেখে সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে জানান।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন। তদন্তে দেখা যায়, খাজনার দাখিলাটি সম্পূর্ণ ভুয়া ও জাল। জালিয়াতির সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, ‘দলিল করার সময় সাব-রেজিস্ট্রারের সন্দেহ হলে আমি কাগজপত্র যাচাই করে জালিয়াতির প্রমাণ পাই। এ ঘটনায় আমার অফিসের স্টাফ বাদী হয়ে পলাশ থানায় মামলা করেছেন।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রিফাত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ভূমি সংক্রান্ত জালিয়াতি রোধে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন