ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজার স্থিতিশীল রাখতে শহরের বিভিন্ন বাজারে ডিম, কাঁচা মরিচ, চাল ও সবজিসহ নিত্যপণ্যের মজুত, সরবরাহ এবং ক্রয়-বিক্রয়ের রসিদ যাচাই করা হয়। অভিযানকালে মূল্যতালিকায় প্রদর্শিত দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করার অপরাধে ‘মেসার্স আবুল খায়ের ট্রেডার্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদনহীন ও নকল ভারতীয় বাসমতী চাল বিক্রির দায়ে ‘মেসার্স সালাম স্টোর’কে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজারে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করতে দেওয়া হবে না। অনিয়মে জড়িত দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় বাজারে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন