বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মুখে সুন্দরবনে আশ্রয় নেওয়া জেলেবহরে হানা দিয়েছে বনদস্যুরা। এ সময় অস্ত্রের মুখে একটি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যু ‘বড় জাহাঙ্গীর’ বাহিনী। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে সুন্দরবনের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন-বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)। তাঁরা কোথায় এবং কী অবস্থায় আছেন, তা আজ রোববার দুপুর পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সাগর উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ের জন্য জেলেরা শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় অবস্থান করছিলেন। রাত আটটার দিকে সশস্ত্র দস্যু জাহাঙ্গীর বাহিনী জেলেবহরে হামলা চালায়। দস্যুরা মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিনজনকে এবং অন্য দুটি ট্রলার থেকে আরও দুই জেলেকে তুলে নিয়ে বনের গহীনে চলে যায়।
ঘটনাটি বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি বলেন, ‘এখনও দস্যুরা মুক্তিপণের জন্য কোনো যোগাযোগ করেনি। জেলেদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে তাদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।’
কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্র জানায়, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি অভিযান শুরুর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন