চাঁদপুরের কচুয়া উপজেলায় সড়কের পাশের একটি নারিকেল গাছ থেকে এরশাদ উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।
নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, তার স্বামী অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তার মানসিক সমস্যা দেখা দেয়। তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
নিহতের ছেলে রেজাউল জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। তাকে খুঁজে আনতে হতো। বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি বলেন, এরশাদ উল্লাহ কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। দুর্ঘটনার পর থেকে তিনি দীর্ঘ দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা নারিকেল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত লিখুন