ঋণগ্রহীতাদের তথ্য যাচাই, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কর্মসংস্থান ব্যাংক।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সিআইবির পরিচালক মো. শফিকুল ইসলাম এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী স্বাক্ষর করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংক এখন থেকে ঋণ আবেদনকারীদের বিদ্যমান ঋণ, ঋণ পরিশোধের ইতিহাস এবং ঋণসংক্রান্ত অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকের সিআইবির মাধ্যমে যাচাইয়ের সুযোগ পাবে। এতে ঋণ অনুমোদনের আগে আবেদনকারীর প্রকৃত ঋণ পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ হবে। একই ঋণগ্রহীতা একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন কি না, বিদ্যমান ঋণের দায় এবং ঋণ পরিশোধে কোনো অনিয়ম আছে কি-না তা যাচাইয়ের মাধ্যমে ঋণঝুঁকি নিরূপণ করা সম্ভব হবে। ফলে ঋণ বিতরণে যথাযথ যাচাই-বাছাই জোরদার হওয়ার পাশাপাশি অনিচ্ছাকৃত ঋণঝুঁকি কমবে এবং ঋণ নথি ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান-১) আশীষ কুমার রায়।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান-২) শবনম শিরিন, নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ এবং পরিচালক মুহম্মদ মাহফুজুর রহমান খান। কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা ও মো. আমিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান ও মুহাম্মদ মাসুদুর রহমান। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন