সিলেট মহানগর এলাকায় ছিনতাইয়ের সাম্প্রতিক ঘটনায় জনমনে সৃষ্ট আতঙ্ক এখনো কাটেনি। তবে অপরাধীদের ধরতে সক্রিয় অবস্থানে রয়েছে পুলিশ।
ইতোমধ্যে ২৬৩ জন পেশাদার ছিনতাইকারীকে শনাক্ত করে একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকার ভিত্তিতে নগরজুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গোয়েন্দা তৎপরতা, বিভিন্ন থানায় জমা হওয়া অভিযোগ, গ্রেপ্তারকৃতদের অপরাধের ইতিহাস এবং সাধারণ মানুষের দেওয়া তথ্য যাচাই করে এই তালিকা তৈরি করা হয়েছে।
গত ১১ এপ্রিল পর্যন্ত ওই তালিকার ৫১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও বিভিন্ন থানা একযোগে অভিযান চালাচ্ছে।
পুলিশের তথ্যমতে, এই ২৬৩ জনের মধ্যে ৩২ জন এমন অপরাধী রয়েছেন, যারা মূলত পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে ছিনতাই করতে মহানগর এলাকায় আসেন। অপরাধ সংঘটিত করার পর তারা আবার নগরের বাইরে চলে যান। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পেশাদার ও প্রশিক্ষিত ছিনতাইকারীদের পাশাপাশি এ পথে নবাগতদেরও একটি আলাদা তালিকা তৈরি করেছে পুলিশ। অপরাধীদের অবস্থান ও গতিবিধি নজরদারিতে ব্যবহারের করা হচ্ছে পুলিশের বিশেষ ‘জিনিয়া অ্যাপ’।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুর আলম বলেন, ‘জিনিয়া অ্যাপসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা পেশাদার ছিনতাইকারীদের শনাক্ত করেছি। এখন তাদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। তালিকায় থাকা অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং প্রতিদিনই নতুন কাউকে আটক করা হচ্ছে।’
তিনি আরও জানান, যারা অপরাধ করে নগরের বাইরে আত্মগোপন করেন, তাদের বিষয়েও পুলিশ সচেতন রয়েছে। পরিচয় গোপন করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন