পটুয়াখালীর দুমকিতে সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় মো. হারুন-অর-রশিদ খান (৭০) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে লেবুখালী-বাউফল মহাসড়কের দুমকি উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন-অর-রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত গিয়াস উদ্দিন খানের ছেলে। এ ঘটনায় ট্রাকের চালক রিয়াজ হাওলাদার (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হারুন-অর-রশিদ প্রতিদিনের মতো আজ সকালেও হাঁটতে বের হন। উপজেলা পরিষদের প্রধান ফটক পার হয়ে মহাসড়কের পশ্চিম পাশে যাওয়ার সময় বাউফলগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে হারুন গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারুন-অর-রশিদকে মৃত ঘোষণা করেন।
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জি এম এনামুল হক বলেন, সকাল আটটার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে হারুন-অর-রশিদকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দীন বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন