জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে রংপুর জেলা মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রংপুরের জেলা প্রশাসকের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান শেষে এই ঘোষণা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রংপুর থেকে বাস, ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এর আগে মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজের নেতৃত্বে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
তাদের দাবিগুলো হলো—জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততম সময়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং পরিবহন খাতের লোকসান এড়াতে মালিক ও যাত্রীদের স্বার্থ রক্ষা করা।
স্মারকলিপি প্রদান শেষে ওয়াসিমুল বারী রাজ সাংবাদিকদের বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লেও এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়নি। ফলে পরিবহনমালিকদের চরম লোকসান গুনতে হচ্ছে। আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে সব ধরনের যানবাহন বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি শরীফুল আলম, সহসভাপতি মোসাহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান এবং মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতারা।
আপনার মতামত লিখুন