কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার রাতে শহরের শহীদ সরণি এলাকার জলিলের দোকান মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. একরাম হোসেন (৪৫) ও তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তারা বর্তমানে কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় বসবাস করলেও তাদের স্থায়ী বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, জরুরি সেবায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সে করে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ওত পাতে। জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স শহীদ সরণি এলাকায় পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে অ্যাম্বুলেন্স চালিয়ে পালানোর চেষ্টা করেন।
ডিএনসি কর্মকর্তারা জানান, ধাওয়া করে অ্যাম্বুলেন্সটি আটক করার পর তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিএনসি।
আপনার মতামত লিখুন