ওপেক ছাড়ল আরব আমিরাত
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক (OPEC) থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৯৬৭ সালে আবুধাবির মাধ্যমে এই সংস্থায় যোগ দেওয়া দেশটি ১৯৭১ সালে ফেডারেশন গঠনের পর থেকেও ওপেকের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে ভূমিকা রেখে আসছিল। তবে সম্প্রতি আমিরাত সরকার তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এই জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বদা সচেষ্ট থাকবে বলে নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা বিশ্বের অন্যতম সাশ্রয়ী এবং কম কার্বন নিঃসরণকারী জ্বালানি উৎপাদক। বৈশ্বিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং পরিবেশ রক্ষায় তাদের এই সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরব আমিরাত কর্তৃপক্ষের মতে, বর্তমানে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে কিছু অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদে জ্বালানির চাহিদা বাড়বে। আর এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটি ইতোমধ্যে বড় ধরনের বিনিয়োগ করেছে। স্থিতিশীলতা এবং সহজলভ্যতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
আমিরাত সরকার তাদের বিবৃতিতে ওপেকের সাথে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে জানায়, "আমরা ওপেকের সাথে থেকে বাজারের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি এবং বড় ধরনের ত্যাগ স্বীকার করেছি। তবে এখন সময় এসেছে আমাদের জাতীয় স্বার্থ, বিনিয়োগকারী এবং গ্রাহকদের চাহিদার দিকে পূর্ণ মনোযোগ দেওয়ার।"
তারা স্পষ্ট করেছে, সংস্থা ছাড়লেও তারা হুট করে বাজারে প্রভাব ফেলবে না। বরং অত্যন্ত সুশৃঙ্খল ও পরিমিতভাবে বাজারে তেলের সরবরাহ বাড়াবে, যা বিশ্ব অর্থনীতির জন্য সহায়ক হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দেশটি জানিয়েছে, যে তাদের উৎপাদন নীতি বাজার পরিস্থিতি এবং তেলের চাহিদা-যোগানের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে।
ওপেক ও ওপেক প্লাস জোটের প্রতি সম্মান জানিয়ে দেশটি বলেছে, "আমরা সামনের দিনগুলোতে আমাদের বিনিয়োগকারী এবং বৈশ্বিক জ্বালানি বাজারের প্রতি প্রতিশ্রুতি রক্ষায় বেশি গুরুত্ব দেব।"
নবায়নযোগ্য জ্বালানি এবং তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তিতেও আরব আমিরাত তাদের বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির
নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম
প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ
কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন