‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’-এমন সব স্লোগান ও প্রতিবাদী আবহে সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এই কর্মসূচিতে সাংবাদিকেরা হাত, মুখ ও চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন। এতে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সব কারাবন্দি সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে সাংবাদিকেরা বলেন, কলমযোদ্ধাদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক তকমা দিয়ে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যখনই কোনো সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তার ওপর হামলা ও মামলার খড়্গ নেমে আসে।
গণমাধ্যম কার্যালয়ে ‘মব সন্ত্রাস’ চালিয়ে ভীতি সৃষ্টি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করো’, ‘গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য’ ও ‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ করো’-এমন সব দাবি ও স্লোগান তুলে ধরা হয়।
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান রাজীবের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান ও মনিরুজ্জামান মুন্না।
আরও বক্তব্য দেন স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হক, সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জি, মীর খায়রুল আলম, এস এম বিপ্লব হোসেন, গাজী ফরহাদ, এস এম জিন্নাহ, রাহাত রাজাসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন