দেশীয় খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত থেকে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, দেশে বর্তমানে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু অতিরিক্ত রয়েছে। তাই দেশীয় খামারিরা যাতে লোকসানের মুখে না পড়েন, সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃপাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোর অঞ্চল থেকে বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হয়। এই মাছ রপ্তানির জন্য আন্তর্জাতিক নতুন বাজার খোঁজার পাশাপাশি জেলায় ফিশ প্রসেসিং সেন্টার বা মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ করা হবে।
মৎস্য চাষী কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় বৃপাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী।
এর আগে প্রতিমন্ত্রী সম্মেলনস্থলে বিভিন্ন মৎস্য উপকরণ ও আধুনিক মাছ চাষ বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন