আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর আরোপিত অগ্রিম কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন চালকেরা (বাইকার)। রোববার (১৭ মে) সকালে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল এখন আর কোনো বিলাসী পণ্য নয়, বরং এটি সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় একটি পরিবহন। আগামী বাজেটে এই খাতের ওপর যে অগ্রিম কর আরোপের প্রস্তাব করা হয়েছে, তা সাধারণ বাইকারদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করবে। এই কর হয় সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, না হয় যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করতে হবে।
বক্তারা আরও বলেন, গণপরিবহনের সীমাবদ্ধতা ও যানজটের কারণে অনেক মানুষ কর্মঘণ্টা বাঁচাতে মোটরসাইকেল ব্যবহার করেন। নারী বাইকারদের নিরাপত্তা ও স্বাধীন চলাচলের ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চলাচলে সংকট তৈরি হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘বাইক বিলাসিতা নয়, প্রতিদিনের প্রয়োজন’, ‘বাইকে বাড়তি কর মানে সাধারণের কষ্ট’, ‘বাইক থামলে থামে কাজের গতি’-এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহফুজুল ইসলাম, কাজী মহিউদ্দিন, মোহাম্মদ মামুন, নাসির উদ্দিন, মোহাম্মদ ইমরানসহ স্থানীয় বাইকারেরা। সাতক্ষীরার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক শ বাইকার এই মানববন্ধনে অংশ নিয়ে কর কমানোর বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন