শরীয়তপুরের জাজিরা উপজেলায় ছয় মাস বয়সী এক শিশুকে অপহরণের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে আমেনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক আমেনা অপহৃত শিশুটির আপন চাচি।
অপহৃত শিশু জাহিদ পূর্ব নাওডোবা এলাকার প্রবাসী জুয়েল মল্লিকের ছেলে। পরিবারের অভিযোগ, পারিবারিক আর্থিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণ করেছেন আমেনা আক্তার।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ভোর ৬টার দিকে শিশু জাহিদকে বাড়ি থেকে নিয়ে যান আমেনা আক্তার। এরপর শিশুর মা রাত্রি আক্তার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্তানের সন্ধান না পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় অভিযোগ করেন। পরে অপহরণকারী চক্র শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
রোববার দুপুরে ডুবিসাবর বন্দরের কাজীরহাট নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে আমেনা আক্তারকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা যায়নি।
আটক আমেনা আক্তার পুলিশের কাছে দাবি করেন, তার দেবর (শিশুর বাবা) পাওনা টাকা পরিশোধ না করায় তিনি শিশুটিকে নিজের কাছে রেখেছেন।
অপহৃত শিশুর মা রাত্রি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সন্তান দুধ ছাড়া কিছু খায় না। কয়েক দিন ধরেই সে অসুস্থ। আমি শুধু আমার সন্তানকে ফিরে পেতে চাই।’
শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, পারিবারিক লেনদেনকে কেন্দ্র করে এই অমানবিক ঘটনা ঘটেছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
আপনার মতামত লিখুন