পিরোজপুরের নেছারাবাদে ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ (স্কোপোলামিন) নামে পরিচিত ভয়ংকর মাদক ব্যবহার করে এক নার্সের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথকাঠি বাজার এলাকায় এই অভিনব প্রতারণার ঘটনা ঘটে।
ভুক্তভোগী নার্স নীলিমা রানী বেপারীর পরিবারের দাবি, প্রতারকেরা তার কাছ থেকে গলার চেইন, কানের ঝুমকা, হাতের রুলি, আংটি ও দুটি মুঠোফোন নিয়ে পালিয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকার বেশি।
নীলিমা রানী জানান, বাজারে যাওয়ার পথে এক ব্যক্তি তাকে ‘মা’ সম্বোধন করে সাহায্য চান। পরে আরও কয়েকজন তার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে তারা নীলিমাকে বাজারের বিভিন্ন দোকানে ঘোরান।
নীলিমা বলেন, ‘কীভাবে আমি নিজের স্বর্ণালঙ্কার খুলে তাদের হাতে তুলে দিয়েছি, তা স্পষ্টভাবে মনে করতে পারছি না।’ নীলিমার স্বামী প্রধান শিক্ষক শংকর বড়াল জানান, প্রতারকদের খপ্পরে পড়ার পর থেকেই তার স্ত্রীর আচরণ অস্বাভাবিক হয়ে যায়।
চিকিৎসক আসাদুজ্জামান বলেন, স্কোপোলামিন বা ‘ডেভিলস ব্রেথ’ অত্যন্ত বিপজ্জনক একটি মাদক। এটি সাধারণত কাগজ, কাপড় বা কার্ডের মাধ্যমে নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করানো হয়। এতে আক্রান্ত ব্যক্তি সাময়িকভাবে নিজের চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি হারিয়ে অপরাধীদের নির্দেশ অনুযায়ী কাজ করতে থাকে। তিনি অপরিচিতদের দেওয়া কোনো কিছু নাকে ধরার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন