বিকেল ৫টার পর নগরের ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার দাবিতে সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন হকাররা। রোববার (১৭ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। এতে নগরের বিভিন্ন এলাকার কয়েক’শ হকার অংশ নেন।
বিক্ষোভ চলাকালে অনেক হকারের হাতে ভাতের খালি থালা দেখা যায়। কেউ কেউ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। হকারদের এই অবস্থানের কারণে সিসিক সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত হকাররা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ফুটপাতের ব্যবসাই অনেক পরিবারের আয়ের একমাত্র উৎস। সারাদিন ব্যবসা করতে না দিলেও অন্তত বিকেল ৫টার পর থেকে রাত পর্যন্ত তাদের বসার সুযোগ দিতে হবে। তারা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের নামে পুলিশ প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং মালামাল জব্দ করে নিয়ে যায়। কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তারা পরিবার নিয়ে না খেয়ে মরবেন বলে হকাররা জানান।
এর আগে গত ১৪ মে একই দাবিতে নগরে বিক্ষোভ মিছিল করেছিল ‘তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ’। ওই দিনের সমাবেশে বক্তারা বলেছিলেন, সামনে ঈদুল আজহা। এই সময়ে তাদের ব্যবসা করতে না দিলে পথে বসতে হবে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান না আসায় তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
রোববারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব রুহুল আমিন রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিকেল পর্যন্ত হকাররা সিটি করপোরেশনের সামনে অবস্থান করছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনার তথ্য পাওয়া যায়নি
আপনার মতামত লিখুন