ঢাকার দোহার উপজেলায় ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানে ১২০টি সুফলভোগী পরিবারের মধ্যে গবাদিপশু ও মুরগি বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০টি পরিবারের মধ্যে একটি করে বকনা বাছুর এবং ১০০টি পরিবারের মধ্যে ২০টি করে মুরগি বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পথ সুগম হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। তিনি বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া এসব প্রকল্প বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ডা. মো. আব্দুর রহিম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী রাজু আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিয়াজ আহমেদ মিঠুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া ও ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহীম শিলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন