শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো-রিদম (৮) ও রিফাত (৭)। রিদম স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ ফকিরের নাতি এবং রিফাত তার মেয়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার মা সীমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে রিফাত। আজ সকালে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরের পাশে ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে একজন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অন্য শিশুটিও ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের স্বজন রুমা আক্তার বলেন, ‘সকাল থেকে ওদের খুঁজে পাচ্ছিলাম না। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিলেও আর ফেরানো যায়নি।’
ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন