গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশের যে সাহস দেখিয়েছিলেন, তা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্য বড় প্রেরণা। নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার চর্চায় তার আদর্শ আজও প্রাসঙ্গিক।
জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান আলোচক ছিলেন জাতীয় জাদুঘরের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন এবং কাঙ্গাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাদুঘরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসান।
আলোচনায় ড. শওকত ইমাম খান বলেন, কাঙ্গাল হরিনাথ শিখিয়েছেন কীভাবে শোষণের বিরুদ্ধে কলম ধরতে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম প্রধান পথপ্রদর্শক। এই মহান মনীষীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর জীবন ও আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন