সংবাদ

ফরিদপুরে ডিবি হেফাজতে কলেজছাত্রের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

প্রকাশ : ২২ জুন ২০২৬

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ডিবি পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। নিহত ইশতিয়াক ফরিদপুর আইন কলেজের ছাত্র ছিলেন। তিনি জেলার মধুখালী উপজেলার পাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের ছেলে। নিহতের পরিবার জানায়, শনিবার বিকেলে নিজ বাড়ির পাশ থেকে ইশতিয়াককে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার কাছে মাদক আছে বলে দাবি করে পুলিশ। পরে তাকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে রোববার সকালে পুলিশের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় যে ইশতিয়াক মারা গেছেন। ইশতিয়াকের মা মির্জা খাদিজা আক্তার নিপা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। তবে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, মাদকসহ আটকের পর ইশতিয়াককে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। সকালে তিনি অসুস্থবোধ করলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইশতিয়াকের বিরুদ্ধে আগে থেকে দুটি মাদক মামলা রয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।