নওগাঁর সাপাহারে পচা আমের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হওয়ার খবর দৈনিক সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের তত্ত্বাবধানে শুক্রবার (১৮ জুলাই) গভীর রাত থেকে বাজারে বড় ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
এর আগে গত ১৫ ও ১৬ জুলাই ‘সাপাহারে পচা আমের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ’ শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বাজারের যত্রতত্র পচা আমের স্তূপ, অসহনীয় দুর্গন্ধ ও পরিবেশ দূষণের চিত্র তুলে ধরা হয়।
সংবাদ প্রকাশের পর ইউএনও রোমানা রিয়াজের নির্দেশনায় বাজার ইজারাদার, সদর ইউনিয়ন পরিষদ ও আম আড়ৎদার সমিতির সমন্বয়ে বর্জ্য অপসারণ শুরু হয়। ভেকু মেশিনের মাধ্যমে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা পচা আম ও ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়। এতে দীর্ঘদিনের দুর্ভোগ শেষে বাজারের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে।
সাপাহার আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, আড়ৎদার সমিতিও এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করছে। ভবিষ্যতে বাজার পরিষ্কার রাখতে ব্যবসায়ীরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
ইউএনও রোমানা রিয়াজ বলেন, ‘জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে বর্জ্য অপসারণ করা হবে। বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।’
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা একটি ইতিবাচক দৃষ্টান্ত। নিয়মিত এই কার্যক্রম চালু থাকলে দেশের অন্যতম বৃহৎ এই আম বাজারের পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন