রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্রর (ত্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত মাহেন্দ্র চালকের নাম আব্দুর রহমান বাবলু (৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পাইকারা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক বাবলুর মৃত্যু হয়। এ সময় মাহেন্দ্রতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, মাহেন্দ্র চালককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন