চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে একটি চারতলা ভবনের বেজমেন্টে দুই যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত দুই যুবককে উদ্ধার এবং অনলাইন জুয়া সিন্ডিকেটের ৯ সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী ওই গ্রামে এক প্রবাসীর বাড়িতে এই অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া দুই যুবক হলেন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু সাঈদ (২৪) ও ফরহাদ হোসেন জুনায়েদ (২৩)।
পুলিশ জানায়, অনলাইন জুয়া খেলার সিম দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই দুই যুবককে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ডেকে আনা হয়। পরে তাদের ভবনের বেজমেন্টে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ ফোন করলে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন - মো. রাকিব (২৪), মো. আলভী (২৩), মো. বাধন (২৫), মো. ফরহাদ হোসেন (৩০), মো. নাফি (১৮), মো. রিফাত (১৯) ও মো. জুয়েল (২৪)। এ ছাড়া অভিযানে আরও দুজনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, আটক ব্যক্তিরা একটি সক্রিয় অনলাইন জুয়া সিন্ডিকেটের সদস্য। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে জুয়ার বিভিন্ন অ্যাপ পাওয়া গেছে। এ ছাড়া ওই বাড়ি থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অনলাইন জুয়ার লেনদেন নিয়ে বিরোধের জেরে এই অপহরণের ঘটনা ঘটেছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন