সংবাদ

‘সুন্দরী না হওয়ায় নির্যাতন’, ভিডিও কলেই বিষ খেলেন স্ত্রী

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম

‘সুন্দরী না হওয়ায় নির্যাতন’, ভিডিও কলেই বিষ খেলেন স্ত্রী
ছবি : সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় ঝুমুর খানম সেতু (২৭) নামে এক গৃহবধূ বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতন এবং বিষপানের প্ররোচনার কারণেই এই ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার (৫ অক্টোবর) ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।

ঝুমুর আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী গ্রামের মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

ঝুমুরের বাবা আব্দুল করিম খানের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তার মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, বরযাত্রী কম নেওয়া এবং মেয়েকে ‘সুন্দরী না হওয়া’র মতো অহেতুক বিষয় নিয়েও ঝুমুরকে মানসিকভাবে হেনস্তা করা হতো। শাহারিয়া কুয়েতে চলে যাওয়ার পর তার মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন ও রিয়া এবং নাজমিনের স্বামী সাইদুল হাওলাদারের প্ররোচনায় এই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে ঝুমুরকে তার শিশুসন্তানসহ বাড়ি থেকে বের করে দিলে তিনি বাবার বাড়িতে এসে আশ্রয় নেন।

পরিবারের দাবি, গত রোববার দিবাগত রাত ১১টার দিকে কুয়েতপ্রবাসী স্বামী শাহারিয়া ভিডিও কলে ঝুমুরের সঙ্গে কথা বলেন। সে সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিষপান করে মারা যাওয়ার জন্য প্ররোচিত করা হয়। স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থাতেই ঝুমুর বিষপান করেন।

ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। পরে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

ঘটনাটিকে কেন্দ্র করে ভুক্তভোগীর পরিবারে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝুমুরের বাবা আব্দুল করিম খান।

তবে ঝুমুরের বাবার আনা এসব অভিযোগের বিষয়ে প্রবাসী শাহারিয়া কিংবা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

‘সুন্দরী না হওয়ায় নির্যাতন’, ভিডিও কলেই বিষ খেলেন স্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত