রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ ও রাশিয়ার পার্ম অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ আরও অন্তত পাঁচজন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত থেকে শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত তারা ৩২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
ক্রিমিয়ার রুশ-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ জানিয়েছেন, সিমফেরোপল জেলায় একটি হামলায় এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। এই জেলাতেই পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া অঞ্চলের অন্য একটি জায়গায় হামলায় আরও একজন আহত হন।
এদিকে, রাশিয়ার পার্ম অঞ্চলের গভর্নর দিমিত্রি মাখোনিন শুক্রবার (২১ আগস্ট) সকালে জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ১৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে একটি শিল্পকারখানায় ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে একজন সাধারণ মানুষ আহত হয়েছেন।
অসমর্থিত সূত্রে জানা গেছে, ইউক্রেনীয় ড্রোনের লক্ষ্যবস্তু ছিল ‘লুকঅয়েল’ পরিচালিত একটি তেল শোধনাগার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে হামলার পর শোধনাগারটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। রাশিয়ার পার্ম অঞ্চলের এই শোধনাগারটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার (৮৭০ মাইল) দূরে অবস্থিত। রয়টার্সের তথ্যমতে, ২০২৪ সালে এখানে প্রায় ১ কোটি ২৬ লাখ টন তেল পরিশোধন করা হয়েছে। এর আগেও এই স্থাপনায় হামলার চেষ্টা করেছিল ইউক্রেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও ক্রিমিয়া মিলিয়ে মোট ৩২৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
আপনার মতামত লিখুন