সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী)। তিনি বলেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের ভাষা বোঝে এবং সেই অনুযায়ী রাষ্ট্র গঠনের কাজ চলছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানুষের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘দেশের প্রতিটি পরিবার ‘ফ্যামিলি কার্ড’ পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকসহ সকল পেশার মানুষের জন্য সরকারের আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। বিএনপি নেতৃত্বের ‘আই হ্যাভ এ প্ল্যান’ অঙ্গীকারের সফল বাস্তবায়ন হবে।’
মৌলিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান আবু আবদুল্লাহ মো. ছালেহ।
দলের অভ্যন্তরীণ ঐক্য প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতিতে মতভেদ থাকা স্বাভাবিক হলেও তা যেন দেশ বা দলের স্বার্থের ঊর্ধ্বে না যায়।
তিনি বলেন, ‘আপনারা দলের দুর্দিনের লড়াকু সৈনিক। অচিরেই সব বিভেদ কেটে যাবে। দিনশেষে দলের স্বার্থে আমাদের সবাইকে এক থাকতে হবে।’
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু ও মহসী মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন এবং গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন