চট্টগ্রামের হাটহাজারীতে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় কারখানা থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া আটটার দিকে হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকার একটি বাড়িতে হানা দিয়ে এই কারখানার সন্ধান পায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার মো. কবির। পুলিশ জানায়, অভিযানের সময় তারা কারখানায় বসে অস্ত্র তৈরির কাজে ব্যস্ত ছিলেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে অস্ত্র তৈরির সময় গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু তৈরি করা অস্ত্র, গুলি ও অস্ত্র বানানোর আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে হাটহাজারী থানা পুলিশের এই অভিযান নিয়মিত চলবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন