ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে কুকুরের কামড়ে আড়াই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। গত রোববার বেলা দেড়টার দিকে ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম তাহমিমা খাতুন (২ বছর ৫ মাস)।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে গোসল করার জন্য ঘর থেকে বের হওয়ার সময় একটি কুকুর হঠাৎ তাহমিমার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের কামড়ে শিশুটির কপাল ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
আহত তাহমিমাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর হয়ে খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে জরুরি ভিত্তিতে জলাতঙ্কবিরোধী টিকা (ভ্যাকসিন) দেওয়া হয়। বর্তমানে শিশুটি বাড়িতে চিকিৎসাধীন থাকলেও দরিদ্র পরিবারের পক্ষে পরবর্তী চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটির চিকিৎসায় স্থানীয়ভাবে কিছু সহায়তা দেওয়া হচ্ছে। তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক হেলেনা আক্তার বলেন, উপজেলা পর্যায়ে বর্তমানে কুকুরে কামড়ের টিকার সংকট রয়েছে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হলেও পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণে রোগীদের দ্রুত উচ্চতর কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, এলাকায় কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় ঝুঁকি বেড়েছে। পরিকল্পিত টিকাদান ও ব্যবস্থাপনার মাধ্যমে এই ঝুঁকি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
শিশুটির দ্রুত সুস্থতার জন্য তার পরিবার সমাজের সচেতন ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছে।
আপনার মতামত লিখুন