রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত দেশের প্রাচীনতম প্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই দপ্তরের অধীনে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত গ্রামগঞ্জ পর্যন্ত পাঁচ শতাধিক ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন স্মৃতিনিদর্শন ও পুরাকীর্তি পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে নানা আলোচনা ও সমালোচনা থাকলেও এই দপ্তরের কর্মকর্তারা নীরবে-নিভৃতে নিজেদের কাজ করে যাচ্ছেন।
প্রতি বছরই ঐতিহ্য সংরক্ষণে নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। তবে তীব্র জনবল সংকটের কারণে বহু গুরুত্বপূর্ণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। দপ্তরটির অধীনে থাকা ৫৫৫টি প্রতিষ্ঠান ও স্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেখানে কমপক্ষে দুই হাজার থেকে আড়াই হাজার জনবল প্রয়োজন, সেখানে কর্মরত আছেন মাত্র ৫০৭ জন। এই স্বল্পসংখ্যক জনবল দিয়েই কোনোমতে বিশাল এই কর্মযজ্ঞ চালিয়ে নেওয়া হচ্ছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ১৮৬১ সালে ‘আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’ নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর রাজধানী ঢাকায় এর প্রধান কার্যালয় স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে প্রধান কার্যালয়সহ চারটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অধীনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের অধীনে রাজশাহী ও রংপুর বিভাগ, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে খুলনা ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অধীনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই অধিদপ্তরের প্রধান কাজ হলো প্রত্ননিদর্শন আহরণ, উৎখনন, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার মাধ্যমে হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরুদ্ধার করা। প্রত্ননিদর্শনের সন্ধানে প্রত্নস্থল শনাক্তকরণ ও আবিষ্কারের জন্য নিয়মিত প্রত্নতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয় এবং আবিষ্কৃত প্রত্নস্থলসমূহে উৎখননের মাধ্যমে প্রাচীন স্মৃতিনিদর্শন ও জাদুঘরে প্রদর্শিত নিদর্শনের সংস্কার ও সুরক্ষা প্রদান করা হয়।
অধিদপ্তরটির বার্ষিক প্রতিবেদনে মহাপরিচালক সাবিনা আলম বলেছেন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্ননিদর্শনে সমৃদ্ধ একটি দেশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে লোকচক্ষুর আড়ালে থাকা প্রাচীন সাংস্কৃতিক নিদর্শন আবিষ্কারের মাধ্যমে ইতিহাস পুনর্গঠন করা এবং এ সকল নিদর্শনের সংস্কার-সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা যথাযথভাবে উপস্থাপন করাই হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ। ২০২৪-২০২৫ অর্থবছরে অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি লালবাগ দুর্গ জাদুঘরে ই-টিকিটিং সেবা চালুর মাধ্যমে দর্শনার্থীদের সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও জনবান্ধব করা হয়েছে।
এছাড়া ঐতিহাসিক রোজগার্ডেনের প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণ এবং ঢাকা মহানগর জাদুঘর স্থাপন প্রকল্পের কাজ বাস্তবায়নের মাধ্যমে অধিদপ্তর নতুন মাইলফলক স্পর্শ করেছে। নিয়মিত কাজের অংশ হিসেবে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রত্নতাত্ত্বিক জরিপ ও উৎখনন কাজ সম্পন্ন করে জাতীয় ইতিহাস পুনর্গঠনের অনেক মূল্যবান তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি রাজস্ব বাজেটের আওতায় ৪৯টি গুরুত্বপূর্ণ প্রত্নস্থলসমূহে প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণ, মেরামত, নির্মাণ ও উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে।
একসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ১৫২টি থাকলেও বর্তমানে তা বেড়ে পাঁচ শতাধিক হয়েছে। বর্তমানে অধিদপ্তরের আওতায় ২১টি জাদুঘর ও ৯টি প্রত্নস্থলে অসংখ্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন প্রদর্শিত হচ্ছে। তবে আলোচিত এই দর্শনীয় স্থানগুলোতে পর্যাপ্ত প্রচারণার অভাবসহ নানা কারণে দেশি ও বিদেশি দর্শনার্থীর উপস্থিতি তেমন বেশি নয়। অজানা ও আকর্ষণীয় বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালালে দর্শনার্থী আরও বাড়ত বলে অনেকেই মন্তব্য করেন। মোবাইল ও আকাশ সংস্কৃতির প্রভাবে বর্তমান প্রজন্ম ও শিশুরা অনেক দর্শনীয় স্থান সম্পর্কে জানেও না।
তবুও বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রত্নস্থল ও জাদুঘরে মোট দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৫৮ হাজার ৩৪৭ জন। এর মধ্যে বিদেশি দর্শনার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ১০৩ জন এবং শিশু দর্শনার্থী ছিল ২১ লাখ ৭৬ হাজার ৭৫৬ জন। এ সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৮৩ টাকা। ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে আরও বেশি প্রচার চালানো গেলে নতুন প্রজন্ম ও শিশুরা দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।
রাজধানীর অদূরে মানিকগঞ্জ জেলা শহর থেকে আট কিলোমিটার উত্তর-পূর্বে এবং ঢাকা থেকে ৬২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক বালিয়াটি প্রাসাদ জাদুঘর। জাদুঘরটির অজানা ইতিহাস জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টোডিয়ান মুহাম্মদ নিয়াজ মাখদুম এ প্রতিবেদককে জানান, উনিশ শতকে বাংলাদেশে নির্মিত প্রাসাদসমূহের মধ্যে বালিয়াটি প্রাসাদ অনন্য। ৫ দশমিক ৮৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত ভবনগুলো ওইখানকার মহাজন জমিদারেরা নির্মাণ করেছিলেন।
এই জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দ রাম সাহা, যিনি আঠারো শতকের মাঝামাঝি সময় একজন মহাজন ও ব্যবসায়ী ছিলেন। ভবনগুলো মূলত পাঁচটি আলাদা ব্লকে বিভক্ত ছিল। সেখানে আটটি বিশালাকৃতির একতলা ও দোতলা ভবন এবং একটি সুউচ্চ বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। দক্ষিণের দেয়ালে চারটি সিংহদ্বার ও সম্মুখে মনোরম পরিবেশে বিশাল চত্বর রয়েছে। আলোচিত এই জমিদার বাড়িতে রয়েছে প্রায় ২০০ বিভিন্ন ধরনের কক্ষ এবং জমিদারদের দৃষ্টিনন্দন রংমহল। দেয়ালজুড়ে রয়েছে রঙের তুলিতে আঁকা ফুল ও লতাপাতা। বেলজিয়ামের আয়না, শ্বেতপাথরের ভাস্কর্যসহ জমিদারের শৌখিন আসবাবপত্র ও রঙিন জ্যামিতিক নকশায় নান্দনিকতা ফুটে উঠেছে। শিশুসন্তানকে নিয়ে একবার গেলে এই মনমুগ্ধকর পরিবেশে আবার যেতে ইচ্ছা করবে বলে অনেকেই মন্তব্য করেছেন।
দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে নতুন নতুন দর্শনীয় স্থান আবিষ্কার ও বিশ্ববাসীর কাছে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো তুলে ধরতে এক বছর থেকে পাঁচ বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো জাতীয় ইতিহাস ও ঐতিহ্য পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা, যা ভবিষ্যতে শিক্ষার্থী ও দেশি-বিদেশি গবেষকদের গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন