চাঁদপুরের মতলব উত্তরে ব্যবসায়িক লোকসানের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ডা. গোলাম কিবরিয়া চৌধুরী (রাজিব) নামে এক বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার আমুয়াকান্দা-চর পাথালিয়া এলাকায় তার নিজের ইটভাটায় এ ঘটনা ঘটে।
৩৮ বছর বয়সী গোলাম কিবরিয়া ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউটে (নিপসম) কর্মরত ছিলেন। এছাড়া মতলব দক্ষিণ উপজেলার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে তিনি নিয়মিত রোগী দেখতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডা. রাজিব ভোরে তার ইটভাটায় গিয়ে বিষাক্ত কীটনাশক (কেরির ট্যাবলেট) সেবন করেন। পরিবারের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক মুফরাত বিন ফারুক।
পারিবারিক সূত্র জানায়, ডা. রাজিব তার পেশার পাশাপাশি ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে ওই ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট রেখে গেছেন। সেখানে তিনি নিজের মৃত্যুর জন্য কয়েকজনের নাম উল্লেখ করলেও পরিবারের কাউকে দায়ী করেননি।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী ডা. নওরীন বারী বলেন, ‘আমাদের দুটি ছোট সন্তান রয়েছে। হঠাৎ এমন এক ঘটনায় আমরা পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন