বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে অন্তত ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭ জন আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নের বাসিন্দা। বাকি ৩ জন বান্দরবান সদর উপজেলার। আক্রান্তদের শরীরে জ্বর, লাল ফুসকুড়ি ও চোখ লাল হওয়াসহ হামের নানা উপসর্গ দেখা গেছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম ও নেটওয়ার্কবিহীন। সেখানে পৌঁছাতে দীর্ঘ পথ পায়ে হাঁটতে হয়। ভৌগোলিক প্রতিকূলতার কারণে চিকিৎসা সেবা পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ওই এলাকায় আর কোনো রোগী আছে কি না, তা শনাক্ত করার কাজ চলছে।
বান্দরবান জেলার সিভিল সার্জন মো. শাহীন হোসাইন চৌধুরী জানান, হামের সাধারণ লক্ষণ নিয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দুর্গম এলাকা ও স্বাস্থ্য সচেতনতার অভাবের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকা চিহ্নিত করে টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতামূলক প্রচারণা চালানোর প্রস্তুতি নিয়েছে।
আপনার মতামত লিখুন