উচ্চ ফলনশীল ধানের জাত সারা দেশের কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্র্যাক। এই কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরে ব্র্যাকের ধান গবেষণা মাঠে ডিলার ও কৃষক প্রতিনিধিদের নিয়ে এক পরিদর্শন ও মূল্যায়ন সভার আয়োজন করা হয়।
গাজীপুরের ব্র্যাক কৃষি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বর্তমানে প্রায় ৭৫০টি জাতের ধান নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে ১৯টি উচ্চ ফলনশীল জাত ইতিমধ্যে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ আয়োজিত এই অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিরা গবেষণাধীন ও অবমুক্ত হওয়া জাতগুলোর গুণাগুণ যাচাই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক কৃষিবিদ মো. আজিজুল হক। তিনি বলেন, কৃষকদের লাভবান করতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও উচ্চ ফলনশীল জাতের বিকল্প নেই। ব্র্যাকের গবেষণালব্ধ এসব জাত কৃষকদের কাছে দ্রুত পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সভায় আরও বক্তব্য দেন ব্র্যাকের হেড অব সেলস কৃষিবিদ মো. আবুল মনসুর, এজিএম ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ম্যানেজার ইসমাইল হোসেন। তারা বর্তমান ধানের জাতগুলোর গুরুত্ব, মান মূল্যায়ন এবং ধান বীজের বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান দেশের কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মাঠ পরিদর্শনে আসা কৃষক ও ডিলারেরা গবেষণাধীন বিভিন্ন জাতের ধানের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন