র্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ১২ বছর অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ফেনী শহর যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের। এক যুগের দীর্ঘ প্রতীক্ষায় আজও তার পথ চেয়ে আছেন বৃদ্ধ মা রৌশন আরা এবং দুই সন্তান ফারিয়া ও নিশাত। প্রিয়জনের খোঁজ না পেয়ে পরিবার ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ২০ মার্চ রাত তিনটার দিকে ফেনী শহরের পাঠানবাড়ি রোডের একটি ভাড়া বাসা থেকে র্যাব পরিচয়ে একদল সশস্ত্র ব্যক্তি রিপনকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে রিপনের মা ফেনীর র্যাব-৭-এর অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করলে জানানো হয়, রিপন নামের কাউকে আটক করা হয়নি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
ছেলের সন্ধানে গত ১২ বছর ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রৌশন আরা। তিনি বলেন, ‘কোথায় গেলে ছেলের দেখা পাব, কেউ বলতে পারছে না। প্রতিটি সরকারি-বেসরকারি দপ্তরে ধর্না দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো হদিস মেলেনি।’ বাবার ফেরার প্রতীক্ষায় দুই সন্তান ফারিয়া ও নিশাত এখন বড় হয়ে উঠলেও তাদের বাবার শূন্যতা কাটেনি।
পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকার ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা থেকে নিখোঁজ অনেকে ফিরে এসেছেন। কিন্তু রিপনের কোনো খোঁজ এখনো মেলেনি। তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে রিপন গুম হওয়ার রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।
জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী জানান, রিপন গুম হওয়ার ঘটনাটি বিএনপির হাইকমান্ড অবগত আছেন। তাকে ফিরিয়ে দিতে বর্তমান সরকার ও দলের ঊর্ধ্বতন নেতাদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
আপনার মতামত লিখুন