সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ‘ছেলেধরা’ গুজবে এক নারীকে আটকে রেখে হেনস্তা করেছে স্থানীয় লোকজন। তবে পরে জানা যায়, তিনি অন্য কেউ নন, বিচ্ছেদ হওয়া নিজ সন্তানকে দেখতে এসে তাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের সাইফুল গাইনের মেয়ে সিনথিয়া (৭) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সাইফুল গাইন প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার পর থেকে সিনথিয়া তার বাবার কাছেই থাকত। দীর্ঘদিন সন্তানের সঙ্গে দেখা করতে না পেরে মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
গতকাল সকালে সিনথিয়া স্কুলে গেলে তার মা সেখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসার চেষ্টা করেন। মা ও মেয়ে কৃষ্ণনগর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের মধ্যে ‘ছেলেধরা’ সন্দেহ তৈরি হয়। মুহূর্তের মধ্যে গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই নারীকে আটকে রাখে। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিশুটির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করলে পরিস্থিতি শান্ত হয়।
পরিবারের সদস্যরা জানান, সন্তানের প্রতি গভীর টান থেকেই ওই নারী তাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে শিশুটিকে তার স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
কালিগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটলেও গুজবের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রকৃত ঘটনা প্রকাশ পাওয়ার পর এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন