কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) দিনভর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, দুপুরে হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাটারির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৯৭৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালক মো. খলিলুর রহমানকে (৩৮) আটক করা হয়েছে। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব লাহারপাড়া এলাকার বাসিন্দা।
একই দিন সন্ধ্যায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে মো. আব্দুল হাই (৩৫) নামে এক যাত্রীর কাছ থেকে ৫০০টি ইয়াবা জব্দ করা হয়। আটক আব্দুল হাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা।
এর আগে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে একটি সিএনজিচালিত অটোরিকশা। বিজিবি সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করার পর চালকের সিটের ভেতর থেকে একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত মোহাম্মদ হামিদকে (৩৯) আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত থাকবে। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাঁদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন